ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় মতুয়া গড়ে চরম উৎকণ্ঠা – বর্তমান নিউজ

উত্তর ২৪ পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভার অন্তর্গত চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের ১৭৩ নম্বর বুথে ভোটার তালিকায় ব্যাপক রদবদলে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক। প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকার তথ্যানুযায়ী, ১৮৬ জন বিচারধীনের মধ্যে ১৮৪ জনের ভাগ্য নির্ধারিত হয়েছে। তবে বিস্ময়করভাবে এর মধ্যে ১৮৩ জনের নামই ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, যাদের একটি বড় অংশই মতুয়া সম্প্রদায়ের।
ভুক্তভোগীদের দাবি, ১৯৮৪ সালের বর্ডার স্লিপ এবং ১৯৮৮ সালের ভোটার তালিকার মতো বৈধ নথি থাকা সত্ত্বেও তাদের নাম বাদ দেওয়া হয়েছে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় থাকা এই মানুষগুলো সাফ জানিয়েছেন, তারা বসতবাড়ি ছেড়ে কোথাও যাবেন না এবং যথাযথ নাগরিকত্বের দাবি তুলছেন। এই ঘটনায় গোটা মতুয়া মহলে ক্ষোভ ও অনিশ্চয়তা দানা বেঁধেছে।
অন্যদিকে, বসিরহাটের স্বরূপনগর গ্রামেও ১১৯৩ জন ভোটারের মধ্যে ৫০৮ জনের নাম বাদ পড়ার খবর মিলেছে। এর প্রতিবাদে এবং প্রশাসনের থেকে কোনো সদুত্তর না পেয়ে গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। উল্লেখ্য, দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় রাজ্যজুড়ে ৩৭ লক্ষ বিচারধীনের নিষ্পত্তি হলেও প্রায় ৪০ শতাংশ নাম বাদ পড়েছে বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে।