ভোটার তালিকা থেকে গণহারে নাম বাদ! মালদায় জাতীয় সড়ক অবরোধে রণক্ষেত্র পরিস্থিতি – বর্তমান নিউজ

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে উত্তাল হয়ে ওঠে মালদা জেলার বিভিন্ন প্রান্ত। জেলার রতুয়া-১ ব্লকের বাহাড়াল, ইংলিশ বাজারের সাতটারি, মোথাবাড়ি এবং কাশিমবাজারসহ একাধিক এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। টায়ার জ্বালিয়ে এবং রাস্তায় বেঞ্চ ফেলে চলে দীর্ঘক্ষণ অবরোধ, যার জেরে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে।
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভোটার তালিকায় নাম থাকলেও রহস্যজনকভাবে তা বাদ দেওয়া হয়েছে। স্থানীয় বিএলও বা ব্লক প্রশাসনের কাছে প্রতিকার চেয়েও কোনো সদুত্তর না মেলায় ক্ষোভ আরও বাড়ে। মোথাবাড়ি এলাকায় কংগ্রেস প্রার্থীসহ সাধারণ মানুষ আন্দোলনে শামিল হন। আন্দোলনকারীরা তাঁদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার দাবিতে অনড় থেকে দীর্ঘ সময় বিক্ষোভ চালিয়ে যান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। তবে বিক্ষোভকারীদের অনড় মনোভাবের কারণে প্রথমদিকে ব্যর্থ হয় প্রশাসন। অবরোধের জেরে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। ভোটার তালিকায় নাম সংশোধনের দাবিতে এই গণবিক্ষোভ ঘিরে বর্তমানে জেলাজুড়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং প্রশাসন প্রবল চাপের মুখে রয়েছে।