ভোটার তালিকায় ব্যাপক গরমিল, নির্বাচন কমিশনকে বিজেপির ‘সহকারী’ বলে তোপ অভিষেকের

রাজ্যে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় ব্যাপক গরমিলের অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার এক সাংবাদিক বৈঠকে তিনি দাবি করেন, বিজেপি নেতাদের আগাম ঘোষণা অনুযায়ী পরিকল্পিতভাবেই প্রায় ৬৪ লক্ষ নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই ঘটনায় কমিশনকে বিজেপির ‘সহকারী সংস্থা’ হিসেবে অভিহিত করে তিনি কমিশনের নিরপেক্ষতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন।
অভিষেক জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও রহস্যজনকভাবে বিচারাধীন ভোটারের সংখ্যা ১৪ লক্ষ থেকে বেড়ে ৬০ লক্ষে পৌঁছেছে। বিজেপি নেতাদের পুরনো বক্তব্যের ভিডিও দেখিয়ে তিনি অভিযোগ করেন, কার অঙ্গুলিহেলনে এবং কোন জাদুবলে এই বিপুল সংখ্যক নাম ‘অ্যাডজুডিকেশনে’ ঢোকানো হলো, তার সদুত্তর নেই। বিচারব্যবস্থার ওপর আস্থা হারিয়েই বিশেষ বিচারপতি নিয়োগ করতে হয়েছে বলে তিনি মন্তব্য করেন এবং আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দেন।