ভোটার তালিকায় বড় আপডেট: আজই প্রকাশ হচ্ছে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত – বর্তমান নিউজ

রাজ্যে আজ প্রকাশিত হতে যাচ্ছে ভোটার তালিকার গুরুত্বপূর্ণ সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত অংশ। নির্বাচন কমিশন সূত্রে খবর, প্রায় ২৮ লক্ষ ভোটারের তথ্য যাচাইয়ের কাজ শেষ হওয়ায় আজ বিকেলের মধ্যেই এই তালিকা জনসমক্ষে আসবে। গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত আসাম্পূর্ণ তালিকায় থাকা প্রায় ৬০ লক্ষ নামের মধ্যে যাদের আবেদন মঞ্জুর হয়েছে, তাদের নামই এই তালিকায় স্থান পাচ্ছে। আগামী শুক্রবার দ্বিতীয় দফার তালিকা প্রকাশেরও সম্ভাবনা রয়েছে।
স্বচ্ছতা বজায় রাখতে কমিশন জানিয়েছে, তালিকায় যোগ্য ভোটারদের পাশাপাশি বাদ পড়া বা ‘ডিলিটেড’ নামগুলোর আলাদা বিভাগ থাকবে। সাধারণ মানুষ অনলাইনে কমিশনের ওয়েবসাইট বা সরাসরি বিডিও এবং এসডিও অফিসে গিয়ে নিজেদের নাম যাচাই করতে পারবেন। এই বিশাল কর্মযজ্ঞ তদারকির জন্য আদালত ও প্রশাসনের নির্দেশে প্রায় ৭০০ জন বিচারক এবং অবসরপ্রাপ্ত বিচারকদের নিয়ে বিশেষ ট্রাইবুনাল ও পরিকাঠামো গঠন করা হয়েছে।
যাঁদের নাম এই তালিকায় থাকবে না, তাঁদের জন্য পুনরায় আবেদনের সুযোগ থাকছে। সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত ট্রাইবুনালে অনলাইনে বা অফলাইনে অভিযোগ জানানো যাবে। সম্ভাব্য ভিড় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নবান্ন থেকে জেলাশাসক ও পুলিশ প্রশাসনকে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। মূলত গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করতেই এই ব্যাপক যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করল কমিশন।