ভোটার তালিকায় নাম থাকা নিয়ে দুশ্চিন্তা কি আরও বাড়ছে

নিউজ ডেস্ক : রাজ্যের সংশোধিত ভোটার তালিকায় ৫৮ লক্ষের পর এবার আরও ৬ লক্ষ ২৫ হাজার নাম বাদ পড়তে চলেছে। বিশেষ নিবিড় সংশোধনীর (এসআইআর) শুনানি শেষে বিপুল সংখ্যক ভোটারের তথ্য যাচাই করে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। যারা শুনানিতে অনুপস্থিত ছিলেন বা সঠিক নথি দেখাতে পারেননি, মূলত তাদের নামই তালিকা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের জন্য আশঙ্কার বিষয় হলো, আগামী দিনে এই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে ইঙ্গিত দিয়েছে কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে খবর, ১ কোটি ২৩ লক্ষ ভোটারের তথ্য যাচাইয়ের কাজ চললেও এখনও অনেকের নথি খতিয়ে দেখা বাকি। বিশেষ করে ২০০২ সালের তালিকার সঙ্গে অমিল বা তথ্যগত ভুল থাকা ভোটারদের জন্য পরিস্থিতি আরও জটিল হচ্ছে। আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত এই যাচাই প্রক্রিয়া চলবে এবং ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ফলে নিজের ভোটাধিকার বজায় থাকবে কি না, তা নিয়ে এখন রাজ্যের লক্ষ লক্ষ মানুষের কপালে চিন্তার ভাঁজ।