ভোটার তালিকায় নাম থাকা কি আরও কঠিন হচ্ছে সাধারণ মানুষের জন্য

নিউজ ডেস্ক : ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধনের ক্ষেত্রে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। দিল্লির নির্বাচন কমিশনের নতুন কড়া নির্দেশে কার্যত চাপে পড়ে গিয়েছেন জেলা নির্বাচনী আধিকারিকরা। ১৬ই ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে জমা পড়া সমস্ত নথি পুনরায় খতিয়ে দেখার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সামান্য ত্রুটি বা অস্পষ্ট নথি থাকলেও তা বাতিলের সম্ভাবনা প্রবল, যার সরাসরি প্রভাব পড়তে পারে সাধারণ ভোটারদের ওপর।
কমিশন স্পষ্ট জানিয়েছে, ভবিষ্যতে কোনো ভোটারের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠলে সংশ্লিষ্ট আধিকারিককেই ব্যক্তিগতভাবে দায়ী করা হবে। এই ‘ঝুঁকিপূর্ণ’ আইনি ব্যবস্থার ভয়ে আধিকারিকরা নথি যাচাইয়ে অতি-সতর্কতা অবলম্বন করছেন। এর ফলে সাধারণ নাগরিকদের জমা দেওয়া আবেদন সামান্য কারণেও খারিজ হতে পারে। স্বচ্ছ তালিকার নামে এই কড়াকড়ি শেষ পর্যন্ত সাধারণ মানুষের ভোটাধিকার পাওয়ার প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে।