ভোটার তালিকায় জালিয়াতি রুখতে কড়া কমিশন রক্তের সম্পর্কের সার্টিফিকেটে বাড়ছে বিপদ

নিউজ ডেস্ক : ভোটার তালিকায় নাম তুলতে গিয়ে এবার মহাবিপদে পড়তে পারেন বহু মানুষ। নিয়ম ভেঙে গ্রাম পঞ্চায়েত থেকে পাওয়া ‘রক্তের সম্পর্কের শংসাপত্র’ জমা দেওয়ায় কড়া অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। নির্দিষ্ট ১৩টি নথির বাইরে এই ধরণের গুরুত্বহীন কাগজ জমা নেওয়ায় এখন সাধারণ ভোটারদের পাশাপাশি আধিকারিকদেরও জবাবদিহির মুখে পড়তে হচ্ছে। এতে আপনার ভোটাধিকার পাওয়ার প্রক্রিয়া যেমন আটকে যেতে পারে, তেমনই নথিতে গরমিল থাকলে আইনি জটিলতা তৈরি হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বর্তমানে রাজ্যজুড়ে চলা নথি যাচাই পর্বে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কোথাও জন্মের আগেই ইস্যু করা বার্থ সার্টিফিকেট জমা পড়েছে, আবার কোথাও ফরমে জন্ম তারিখই লেখা নেই। এই সব ভুল বা ভুয়া নথির কারণে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পিছিয়ে ২৮ ফেব্রুয়ারি করা হয়েছে। তাই সঠিক সরকারি পরিচয়পত্র ছাড়া অন্য কোনো নথির ওপর ভরসা করলে সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার প্রবল ঝুঁকি তৈরি হয়েছে।