ভোটার তালিকায় কারচুপির অভিযোগে সিইও দফতরের সামনে তৃণমূল-বিজেপি তুমুল সংঘর্ষ – বর্তমান নিউজ

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে সিইও দফতরের সামনে তৃণমূল-বিজেপি তুমুল সংঘর্ষ – বর্তমান নিউজ

রাজ্যের ভোটার তালিকায় ভিনরাজ্যের নাম নথিভুক্ত করার জন্য ‘ফর্ম ৬’ অপব্যবহারের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। মঙ্গলবার এক যুবককে একতাড়া ফর্মসহ ‘হাতেনাতে’ ধরার দাবি তুলে দফতরের সামনে বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূলপন্থী বিএলও-রা। তাঁদের অভিযোগ, বেআইনিভাবে ভোটার তালিকায় নাম ঢোকানোর চেষ্টা করছে বিজেপি, যা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের বিক্ষোভ চলাকালীন ঘটনাস্থলে বিজেপি কর্মীরা উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি ও স্লোগান-পাল্টা স্লোগানে রণক্ষেত্রের চেহারা নেয় স্ট্র্যান্ড রোড। বিজেপির অভিযোগ, তাঁদের কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে এবং পুলিশ একতরফা পদক্ষেপ করছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয় এবং উত্তেজনা হটাতে পুলিশ লাঠিচার্জ করে বলে জানা গিয়েছে।

ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির এই ফর্মকে কেন্দ্র করে কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত এখন তুঙ্গে। তৃণমূলের দাবি, বহিরাগতদের ভোটার তালিকায় স্থান দিতেই এই ষড়যন্ত্র। অন্যদিকে, মারধরের প্রতিবাদে অবস্থানে অনড় থাকে বিজেপি নেতৃত্ব। দুপক্ষের অনড় অবস্থানে সিইও দফতরের সামনে দীর্ঘক্ষণ যানজট ও বিশৃঙ্খলা বজায় থাকে। নির্বাচন কমিশন এই স্পর্শকাতর বিষয়ে কী পদক্ষেপ করে, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *