ভিভিআইপি উড়ানে নিরাপত্তা নিয়ে কঠোর নির্দেশিকা জারি করল ডিজিসিএ – বর্তমান নিউজ

দেশের ভিভিআইপি ও ভিআইপি উড়ানের নিরাপত্তা নিশ্চিত করতে কড়া গাইডলাইন জারি করেছে বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। শুক্রবার প্রকাশিত এই নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী বা রাজ্যপালের মতো ভিভিআইপি যাত্রীদের বহনকারী বিমানের পাইলটদের ওপর কোনোভাবেই ‘অযৌক্তিক চাপ’ তৈরি করা যাবে না। মূলত চলতি বছরের জানুয়ারিতে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মর্মান্তিক বিমান দুর্ঘটনার প্রেক্ষিতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, নন-শিডিউলড বিমান ও হেলিকপ্টার অপারেটরদের নিশ্চিত করতে হবে যে সমস্ত উড়ান ‘এয়ারক্রাফ্ট রুলস’ মেনেই পরিচালিত হচ্ছে। উড়ান পরিকল্পনা বা রুট পরিবর্তনের ক্ষেত্রে যাত্রীদের কোনো দাবি সরাসরি ক্রুদের জানানো যাবে না; তা সংস্থার ম্যানেজমেন্টের মাধ্যমে আসতে হবে। এছাড়া, প্রতিকূল আবহাওয়ায় উড়ান চালানো বা বাতিলের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে পাইলটের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
নিরাপত্তা বজায় রাখতে পাইলটদের অভিজ্ঞতার মাপকাঠিও বেঁধে দিয়েছে ডিজিসিএ। ভিভিআইপি বিমানের পাইলট-ইন-কমান্ডের ন্যূনতম ৩,০০০ ঘণ্টা এবং হেলিকপ্টারের ক্ষেত্রে ২,০০০ ঘণ্টার উড়ান অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। বিশেষ করে নির্বাচনী প্রচারের সময় অস্থায়ী হেলিপ্যাড থেকে উড়ান পরিচালনার ঝুঁকি কমাতে প্রতিটি অপারেটরকে একজন বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক নিয়োগ করতে হবে, যিনি সামগ্রিক নিরাপত্তা ও নিয়মপালন তদারকি করবেন।