ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর হামলা: কড়া প্রচারের পথে তৃণমূল

ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকদের ওপর হামলা: কড়া প্রচারের পথে তৃণমূল

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর ধারাবাহিক হামলার ঘটনাকে আসন্ন নির্বাচনে প্রধান ইস্যু করতে চলেছে তৃণমূল কংগ্রেস। অভিযোগ উঠেছে, ভিনরাজ্যে কাজ করতে গিয়ে শ্রমিকরা কেবল হেনস্থা নয়, প্রাণহানিরও শিকার হচ্ছেন। সম্প্রতি ওড়িশা ও মহারাষ্ট্রসহ বিভিন্ন রাজ্যে ১২ জন শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শাসকদল এবার কেন্দ্রীয় বঞ্চনা ও অত্যাচারের বিরুদ্ধে সরব হওয়ার পরিকল্পনা নিয়েছে।

তৃণমূলের দাবি, বাংলাভাষী শ্রমিকদের ‘বাংলাদেশি’ দাগিয়ে মারধর ও গণপিটুনির মতো ঘটনা বিজেপি শাসিত রাজ্যগুলিতে উদ্বেগজনকভাবে বাড়ছে। বিশেষ করে মুর্শিদাবাদের জুয়েল রানার মৃত্যু এবং অন্যান্য জেলায় মৃত শ্রমিকদের পরিবারের কাছে পৌঁছে যাচ্ছে ঘাসফুল শিবির। পরিযায়ী শ্রমিকরা যাতে ভোটের সময় নিজ রাজ্যে ফিরে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে এর যোগ্য জবাব দেন, সেই আবেদনই জানানো হচ্ছে।

রাজ্য পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের তথ্য অনুযায়ী, ওড়িশা ও উত্তরপ্রদেশসহ একাধিক রাজ্য থেকে অত্যাচারের ভুরিভুরি অভিযোগ জমা পড়েছে। গত লোকসভা নির্বাচনে পরিযায়ী শ্রমিকদের অনুপস্থিতি ভোটে প্রভাব ফেললেও, এবার বিধানসভা নির্বাচনে তাঁদের ভোট নিশ্চিত করতে মরিয়া শাসকদল। বিজেপি ও কংগ্রেসের সমালোচনার পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষাকেই প্রচারের মূল হাতিয়ার করছে তৃণমূল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *