ভারত সেবাশ্রম সংঘের ছাত্রাবাসে ডাইনিং হলের শিলান্যাস করলেন অশোক লাহিড়ী

শিবরাত্রির পুণ্য তিথিতে দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকের তিওর ভারত সেবাশ্রম সংঘে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবিবার ছাত্রাবাসের আবাসিক শিশুদের জন্য একটি আধুনিক ডাইনিং হলের শিলান্যাস সম্পন্ন হয়েছে। এই কর্মসূচিতে বালুরঘাটের বিধায়ক ড. অশোক লাহিড়ী উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
বর্তমানে এই ছাত্রাবাসের পড়ুয়াদের মেঝেতে বসে খাবার খেতে হয়, যা বিশেষত শীতকালে অত্যন্ত কষ্টদায়ক। ড. লাহিড়ী জানান, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আর্থিক সহায়তায় এই নতুন ডাইনিং হলটি নির্মিত হতে চলেছে। এর ফলে দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে এবং শিশুরা উন্নত পরিকাঠামোয় বসে আহারের সুযোগ পাবে।
প্রশাসন ও আশ্রম কর্তৃপক্ষের আশা, দ্রুততার সাথে নির্মাণকাজ সম্পন্ন করা হবে। আধুনিক এই ডাইনিং হলটি চালু হলে আবাসিক শিশুদের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটবে। শিলান্যাস অনুষ্ঠানে মহারাজগণ এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি প্রকল্পের গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে।