ভারত সীমান্তে তিনটি সন্দেহভাজন ইরানি তেলবাহী জাহাজ আটক

মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ তেল পাচারের অভিযোগে ভারতীয় জলসীমা থেকে তিনটি ইরানি ট্যাঙ্কার আটক করেছে কোস্ট গার্ড। মুম্বই উপকূল থেকে প্রায় ১০০ নটিক্যাল মাইল দূরে ‘স্টেলার রুবি’, ‘অ্যাসফাল্ট স্টার’ এবং ‘আল জাফজিয়া’ নামক জাহাজগুলিকে শনাক্ত করা হয়। পরিচয় গোপন করে সমুদ্রের মাঝে পণ্য স্থানান্তরের সময় সন্দেহভাজন কার্যকলাপের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে।
তদন্তে জানা গেছে, আটককৃত জাহাজগুলোর আইএমও নম্বর মার্কিন ট্রেজারি বিভাগের কালো তালিকাভুক্ত জাহাজের সঙ্গে মিলে যাচ্ছে। যদিও ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানি এই জাহাজগুলোর সঙ্গে সরকারি কোনো সম্পর্কের কথা অস্বীকার করেছে। শিপিং তথ্য অনুযায়ী, জাহাজগুলি ইরান থেকে বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহে যুক্ত ছিল এবং ঘন ঘন নিজেদের অবস্থান পরিবর্তন করছিল।
বর্তমানে জাহাজগুলিকে অধিকতর তদন্তের জন্য মুম্বই বন্দরে রাখা হয়েছে। এই ঘটনার পর ভারতের সামুদ্রিক এলাকায় নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে; বর্তমানে ৫৫টি জাহাজ ও ১২টি বিমান সার্বক্ষণিক টহল দিচ্ছে। ভারত ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের উন্নতির আবহে অবৈধ সামুদ্রিক বাণিজ্য রুখতে দিল্লির এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।