ভারত-রাশিয়া মেগা বাণিজ্য চুক্তি: তেল ও প্রতিরক্ষার বাইরে খুলছে নতুন দিগন্ত

প্রথাগত জ্বালানি ও প্রতিরক্ষা খাতের বাইরে বাণিজ্য সম্প্রসারণে রাশিয়ার সঙ্গে বড় ধরনের চুক্তির পথে হাঁটছে ভারত। রুশ উপ-প্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুক জানিয়েছেন, ভারতের সঙ্গে ‘প্রায়োরিটি ট্রেড এগ্রিমেন্ট’ (PTA) নিয়ে প্রথম দফার আলোচনা সফলভাবে সম্পন্ন হয়েছে। এই চুক্তির ফলে রুশ কোম্পানিগুলো ভারতের বিশাল বাজারে প্রবেশের সুযোগ পাবে, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
ভারত বর্তমানে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের (EAEU) সাথে একটি বিশেষ বাণিজ্য কাঠামো নিয়ে কাজ করছে। এর মূল লক্ষ্য পণ্য ও পরিষেবার ওপর কর কমিয়ে উৎপাদন, ওষুধ, কৃষি এবং প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি করা। বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতার মাঝে বাণিজ্যিক নির্ভরতা কমাতে দুই দেশই এখন দ্বিপাক্ষিক বাণিজ্যে বৈচিত্র্য আনতে অত্যন্ত তৎপর।
সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরে ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ১০০ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। মার্কিন চাপের মুখেও ভারত নিজস্ব জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে রাশিয়া, আর্মেনিয়া, বেলারুশ ও কাজাখস্তানের মতো দেশগুলোর বাজারে প্রবেশাধিকার সহজ করতে আলোচনা দ্রুত ত্বরান্বিত করছে।