ভারতে তৈরি হবে এভারেস্টজয়ী H125 হেলিকপ্টার: কর্নাটকে টাটা-এয়ারবাস কারখানার উদ্বোধন

ভারতের প্রতিরক্ষা ও বিমান শিল্পে নয়া দিগন্ত উন্মোচন করে কর্নাটকের ভেমাগালে টাটা অ্যাডভান্সড সিস্টেমস এবং ফরাসি সংস্থা এয়ারবাসের যৌথ উদ্যোগে হেলিকপ্টার তৈরির কারখানা উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এটি দেশের প্রথম বেসরকারি খাতের ফাইনাল অ্যাসেম্বলি লাইন, যেখানে সম্পূর্ণভাবে হেলিকপ্টার সংযোজন ও পরীক্ষার কাজ সম্পন্ন হবে। ২০২৭ সালের মধ্যে প্রথম হেলিকপ্টারটি তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এবং আগামী ২০ বছরে প্রায় ৫০০টি হেলিকপ্টার উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
এখানে মূলত এভারেস্টের চূড়ায় অবতরণের রেকর্ডধারী বহুমুখী H125 মডেলটি তৈরি করা হবে। ১ জন পাইলট ও ৬ জন যাত্রী বহনে সক্ষম এই কপ্টারটি ঘণ্টায় ২৫০ কিমি বেগে প্রায় ৬৬২ কিলোমিটার উড়তে পারে। ‘হট অ্যান্ড হাই’ প্রযুক্তির কারণে এটি অত্যধিক গরম ও দুর্গম পাহাড়ি উচ্চতায় উদ্ধারকাজ, চিকিৎসা পরিষেবা এবং পর্যটনের জন্য অত্যন্ত নির্ভরযোগ্য।
বেসামরিক ব্যবহারের পাশাপাশি এখানে তৈরি হবে সামরিক সংস্করণ H125M। উন্নত ডিজিটাল ককপিট, মিসাইল ও গানপড সমৃদ্ধ এই যুদ্ধ-উপযোগী কপ্টারটি নিচু দিয়ে উড়ে শত্রুর রাডার ফাঁকি দিতে সক্ষম। উত্তর সীমান্তের প্রতিকূল আবহাওয়ায় নজরদারি ও টহলদারির ক্ষেত্রে এটি ভারতীয় বাহিনীকে বিশেষ শক্তি জোগাবে। এই প্রকল্পের মাধ্যমে দেশে কয়েক হাজার দক্ষ কর্মসংস্থান ও স্থানীয় সরবরাহকারী সংস্থার ব্যবসার সুযোগ তৈরি হবে।