ভারতের কাছে হার: পাক সেনাপ্রধানের রোষানলে মহসিন নকভি, খোয়াতে পারেন পদ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের নক্কারজনক হারের জেরে চরম চাপে পড়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান মহসিন নকভি। মাঠের ব্যর্থতা ও বোর্ড রাজনীতির কারণে নকভির ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পাক সেনাপ্রধান আসিম মুনির। জানা গেছে, পরাজয়ের কারণ খতিয়ে দেখতে তদন্তের পাশাপাশি নকভিকে পদ থেকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত মিলেছে।
সূত্রের খবর, সেনাপ্রধান মুনির মনে করছেন ভারতীয় দলের সামনে সলমন আলি আঘারা ভীতু ও অপ্রস্তুত ছিলেন। ক্রিকেটীয় ব্যর্থতার পাশাপাশি সাধারণ মানুষের আবেগের তোয়াক্কা না করে বোর্ডে চলা রাজনীতিতে তিনি অসন্তুষ্ট। নকভি একইসঙ্গে দেশের মন্ত্রী হওয়ায় এই পরাজয় সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করছে বলে মনে করছে সেনাবাহিনী।
ইতিমধ্যেই প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে এই বিষয়ে কড়া বার্তা পাঠিয়েছেন সেনাপ্রধান। বিশ্বকাপের আগে সেনাপ্রধানের নাম জড়িয়ে নকভির অযাচিত মন্তব্য সেনার অন্দরে আগে থেকেই বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছিল। বর্তমান পরিস্থিতিতে নকভির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে এবং যেকোনো মুহূর্তে তাঁর বিদায় ঘণ্টা বাজতে পারে।