ভারতের কাছে হারলেও বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর পাক স্পিনার উসমান তারিক

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে শোচনীয় পরাজয়ের দুই দিন পর মুখ খুললেন পাকিস্তানের অফ-স্পিনার উসমান তারিক। গত রবিবারের ম্যাচে সূর্যকুমার যাদবের উইকেট নিলেও দলকে জেতাতে ব্যর্থ হন তিনি। ভারতের দেওয়া ১৭৬ রান তাড়া করতে নেমে পাকিস্তান মাত্র ১১৪ রানে গুটিয়ে যায়। এই হারের ফলে নেট রানরেটে আমেরিকার নিচে থাকা বাবর আজমদের জন্য সুপার এইটে ওঠা এখন বড় চ্যালেঞ্জ।
তবে খাদের কিনারে দাঁড়িয়েও দমে যেতে নারাজ তারিক। বুধবার কলম্বোয় নামিবিয়ার বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচের আগে তিনি জানান, আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে তাঁরা ঘুরে দাঁড়াতে মরিয়া। সমর্থকদের হতাশা অনুধাবন করে তিনি আগামীতে ভারতের বিরুদ্ধে ভালো খেলার প্রতিশ্রুতি দিয়েছেন। এমনকি এই কঠিন পরিস্থিতিতেও ট্রফি জেতার লক্ষ্য থেকে সরছেন না এই স্পিনার।
দলের অন্দরে বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদিকে বাদ দেওয়ার গুঞ্জন শোনা গেলেও তারিক সিনিয়রদের পাশে দাঁড়িয়েছেন। তাঁর মতে, অতীতে অসংখ্য ম্যাচ জেতানো ক্রিকেটারদের একটি ব্যর্থতায় বাতিলের খাতায় ফেলা উচিত নয়। আপাতত নামিবিয়াকে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকাই পাকিস্তানের প্রধান লক্ষ্য। সুপার এইট নিশ্চিত না হলেও ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন আত্মবিশ্বাসী উসমান তারিক।