ভাটপাড়ায় বিজেপিতে বড় ধস, অর্জুন ঘনিষ্ঠ রাজ বিশ্বাস যোগ দিলেন তৃণমূলে – বর্তমান নিউজ

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভাটপাড়ায় বড়সড় সাংগঠনিক ধাক্কা খেল বিজেপি। শনিবার টিটাগড়ে তৃণমূলের জেলা কার্যালয়ে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দিলেন অর্জুন সিংয়ের অত্যন্ত ঘনিষ্ঠ নেতা রাজ বিশ্বাস। এই যোগদান কর্মসূচিতে ভাটপাড়ার তৃণমূল প্রার্থী অমিত গুপ্তা ও পুরসভার উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষসহ একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন। ব্যারাকপুরের রাজনৈতিক মহলে রাজ বিশ্বাসের এই দলবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
তৃণমূলে যোগ দিয়েই রাজ বিশ্বাস বিজেপির ‘বহিরাগত সংস্কৃতি’র বিরুদ্ধে সরব হন। তিনি জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজে শামিল হতে এবং তাঁকে চতুর্থবার মুখ্যমন্ত্রী হিসেবে দেখতেই এই সিদ্ধান্ত নিয়েছেন। অন্যদিকে, সাংসদ পার্থ ভৌমিক দাবি করেন, ভাটপাড়ায় বিজেপির জয়ের অন্যতম কারিগর ছিলেন রাজ। তাঁর দলত্যাগের ফলে ওই এলাকায় পদ্ম শিবিরের সংগঠন কার্যত বড় চ্যালেঞ্জের মুখে পড়ল।
তৃণমূল নেতৃত্বের মতে, নির্বাচনের আগে বুথ স্তরে শক্তি বাড়াতে এই যোগদান বিশেষ ভূমিকা নেবে। রাজ বিশ্বাসের এই ভোলবদলে ভাটপাড়ার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। তবে এই বড়সড় ভাঙন প্রসঙ্গে বিজেপির পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মূলত ভাটপাড়া ও ব্যারাকপুর শিল্পাঞ্চলে নিজেদের আধিপত্য বজায় রাখতেই তৃণমূল এই মাস্টারস্ট্রোক দিয়েছে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।