ভরা এজলাসে বিচারকের দিকে কাটারি ছুড়লেন বিচারপ্রার্থী
February 16, 2026

তামিলনাড়ুর শ্রীবিলিপুত্তুর ফ্যামিলি কোর্টে সোমবার এক নজিরবিহীন ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। পারিবারিক বিচ্ছেদের মামলার রায় পছন্দ না হওয়ায় এজলাসের মধ্যেই দায়িত্বরত বিচারক সুধাকরের দিকে কাটারি ছুড়ে মারেন বালামুরুগান নামে এক ব্যক্তি। লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বিচারক অক্ষত থাকলেও এই ঘটনায় আদালত চত্বরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্তব্যরত পুলিশ তৎক্ষণাৎ অভিযুক্ত বালামুরুগানকে গ্রেপ্তার করেছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারেন। তবে কড়া নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে কীভাবে ওই ব্যক্তি আদালতের ভেতরে ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করলেন, তা নিয়ে বড়সড় প্রশ্ন দেখা দিয়েছে। বর্তমানে পুরো বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন। আদালতের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছেন আইনজীবীরা।