ভয়ংকর ‘বাঙ্কার বাস্টার’ হামলায় কাঁপল ইরান, ধ্বংসের মুখে ইসফাহান পরমাণু ঘাঁটি! – বর্তমান নিউজ

ইরানের ইসফাহান পরমাণু ঘাঁটিতে মঙ্গলবার ভোররাতে ভয়াবহ হামলা চালিয়েছে আমেরিকা। অত্যাধুনিক ‘বাঙ্কার বাস্টার’ বোমার আঘাতে বিশাল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা শহর। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, মার্কিন বোমারু বিমান থেকে এই হামলা চালানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় হামলার একটি ভিডিও শেয়ার করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে রাতের আকাশে বিশাল আগুনের গোলা ও কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।
এই অতর্কিত হামলার ফলে ইসফাহান পরমাণু কেন্দ্রের ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়, তবে ওই এলাকায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার তীব্র আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, আমেরিকা ও ইসরায়েলের সাথে ইরানের চলমান সংঘাতের মাঝেই এই ঘটনা ঘটল। এর আগে তেহরানকে ১৫ দফা শর্ত দিয়ে সাময়িক সংঘর্ষবিরতির ঘোষণা করেছিল ওয়াশিংটন। তবে সেই নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই পুনরায় এই বিধ্বংসী আক্রমণ চালানো হলো।
ইরানের পরমাণু স্থাপনায় ৫ হাজার পাউন্ডের ডিপ পেনিট্রেটর বোমা ব্যবহার এবারই প্রথম নয়। গত বছরও মার্কিন নির্দেশে নাতানজ পরমাণু কেন্দ্রে অনুরূপ হামলা চালানো হয়েছিল। সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালীর কাছে ইরানি সামরিক ঘাঁটি লক্ষ্য করেও ‘বাঙ্কার বাস্টার’ ব্যবহার করেছে আমেরিকা। এবারের ইসফাহান অভিযানে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে।