ভবানীপুরে মমতার বিগ ফাইট ৮ এপ্রিল বর্ণাঢ্য মিছিলে মনোনয়ন জমার প্রস্তুতি – বর্তমান নিউজ

বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রের হাইভোল্টেজ লড়াইয়ে আগামী ৮ এপ্রিল মনোনয়নপত্র জমা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, সেদিন কালীঘাটের বাসভবন থেকে বিশাল মিছিল করে গোপালনগর সার্ভে বিল্ডিংয়ে গিয়ে মনোনয়ন পেশ করবেন তিনি। এই মিছিলে সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম ও দেবাশিস কুমারের মতো শীর্ষ নেতৃত্বের পাশাপাশি স্থানীয় কাউন্সিলরদের উপস্থিত থাকার কথা রয়েছে।
ভবানীপুরে এবার মূল প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর মধ্যে। নন্দীগ্রামের পর এই কেন্দ্রে ফের দুই হেভিওয়েট প্রার্থীর লড়াই ঘিরে রাজনৈতিক পারদ তুঙ্গে। বামফ্রন্টের তরফে লড়ছেন শ্রীজীব বিশ্বাস। শুভেন্দু অধিকারী ইতিমধ্য়েই প্রচার শুরু করলেও, তৃণমূল শিবির মূলত মমতার মনোনয়ন জমার পর থেকেই কোমর বেঁধে ময়দানে নামার পরিকল্পনা নিয়েছে।
নির্বাচনী রণকৌশল অনুযায়ী, মমতার নিজস্ব ওয়ার্ড অর্থাৎ ৭৩ নম্বরে বাড়তি গুরুত্ব দিচ্ছে তৃণমূল। আগামী ১৪ এপ্রিল অম্বেডকর জয়ন্তীতে সেখানে প্রথম জনসভা করার কথা রয়েছে তাদের। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভবানীপুরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২ এপ্রিল বিজ্ঞপ্তির পর ৯ এপ্রিল পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। বর্তমানে সাংগঠনিক ঘর গোছানোর কাজেই বেশি জোর দিচ্ছে ঘাসফুল শিবির।