ব্যালটে ভাগ্যবদল না কি পুরনো পথে ফেরা? আজ বাংলাদেশের চূড়ান্ত পরীক্ষা

নিউজ ডেস্ক : ১৮ বছর পর অদলীয় সরকারের অধীনে ভোট দিতে যাচ্ছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হচ্ছে ৩০০ আসনের ভাগ্য নির্ধারণী লড়াই। তবে সাধারণ মানুষের নজর শুধু সংসদ নির্বাচনেই নয়, বরং একই সঙ্গে হওয়া ‘জুলাই সনদ’ গণভোটের ওপর। এই গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে বদলে যাবে প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ ও সংবিধানের মৌলিক কাঠামো। সাধারণ নাগরিকদের দৈনন্দিন জীবনে এই প্রশাসনিক পরিবর্তনগুলো কতটা স্বস্তি আনবে, সেটাই এখন দেখার বিষয়।
বিএনপি ও জামায়াতের এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেই আওয়ামী লীগ, তবে তাদের ভোট বয়কটের ডাক কতটা সফল হবে তার ওপর নির্ভর করছে আগামীর রাজনৈতিক স্থিতিশীলতা। তারেক রহমান ও শফিকুর রহমানের ভাগ্য যেমন এই ভোটে আটকে, তেমনই গণভোটের ফলে নির্ধারিত হবে ড. ইউনুসের সংস্কার পরিকল্পনার ভবিষ্যৎ। ১০ লাখ নিরাপত্তা বাহিনীর কড়া প্রহরায় চলা এই ভোট উৎসব শেষ পর্যন্ত সাধারণ মানুষের জন্য নতুন কোনো ভোরের বার্তা আনে কি না, সেদিকেই তাকিয়ে আছে পুরো দেশ।