বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন মাথিসা পাথিরানা: বড় ধাক্কা শ্রীলঙ্কা শিবিরে

২০২৬ টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শ্রীলঙ্কার তারকা পেসার মাথিসা পাথিরানা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে বাঁ পায়ের কাফ মাসলে চোট পাওয়ায় টুর্নামেন্টের বাকি অংশ থেকে তিনি বাদ পড়েছেন। দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বুধবার আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করেছেন।
পাল্লেকেলেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র চার বল করার পরেই চোটের কারণে মাঠ ছাড়তে হয় পাথিরানাকে। তাঁর চোটের গুরুত্ব বিবেচনা করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড দ্রুতই বিকল্প ক্রিকেটারের নাম ঘোষণা করবে। বৃহস্পতিবার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে জিম্বাবোয়ের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে লঙ্কানরা।
পাথিরানার এই চোট আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের (KKR) কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। আসন্ন আইপিএল নিলামে ১৮ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছিল কেকেআর। মেগা টুর্নামেন্টের আগে তাঁর ফিটনেস নিয়ে এখন গভীর উদ্বেগ তৈরি হয়েছে ক্রিকেট মহলে।