বিশ্বকাপের সুপার এইট থেকে ছিটকে গেলেন পাথিরানা, দুশ্চিন্তায় শ্রীলঙ্কা ও কেকেআর

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের আগে বড়সড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তারকা পেসার মাথিশা পাথিরানা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন পেশিতে টান পড়ায় মাঠ ছাড়তে হয় তাঁকে। আইসিসি আনুষ্ঠানিকভাবে তাঁর পরিবর্তে দিলশান মদুশঙ্কাকে দলে নেওয়ার ঘোষণা করেছে।
পাথিরানার এই চোট শ্রীলঙ্কার পাশাপাশি আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকেও (কেকেআর) উদ্বেগে ফেলেছে। নিলামে ১৮ কোটি টাকার বিনিময়ে এই তরুণ পেসারকে দলে নিয়েছিল তারা। হর্ষিত রানার চোট এবং মুস্তাফিজুর রহমানের অনুপস্থিতিতে পাথিরানার শারীরিক অবস্থা কেকেআরের বোলিং বিভাগকে বড়সড় অনিশ্চয়তার মুখে দাঁড় করিয়ে দিল।
অস্ট্রেলীয় অধিনায়ক মিচেল মার্শকে বোলিং করার সময় পাথিরানার পেশি ছিঁড়ে যায়। ব্যথায় কাতর এই ক্রিকেটারকে মাঠের বাইরে নিয়ে যেতে চিকিৎসকদের সাহায্য নিতে হয়। গুরুত্বপূর্ণ এই সময়ে তাঁর ছিটকে যাওয়া আসন্ন ম্যাচগুলোতে লঙ্কানদের বোলিং শক্তিকে নিঃসন্দেহে দুর্বল করে তুলবে।