বিমানে সিট বাছাইয়ে বড় স্বস্তি ৬০ শতাংশ আসন এখন মিলবে অতিরিক্ত খরচ ছাড়াই – বর্তমান নিউজ

বিমানে সিট বাছাইয়ে বড় স্বস্তি ৬০ শতাংশ আসন এখন মিলবে অতিরিক্ত খরচ ছাড়াই – বর্তমান নিউজ

দেশের বিমানযাত্রীদের জন্য বড় স্বস্তির খবর নিয়ে এল বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। নতুন নিয়ম অনুযায়ী, আগামী ২০ এপ্রিল থেকে প্রতিটি ফ্লাইটের অন্তত ৬০ শতাংশ আসন যাত্রীদের জন্য বিনামূল্যে বরাদ্দ রাখতে হবে। বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের নির্দেশিকা মেনে জারি করা এই সংশোধিত সার্কুলার অনুযায়ী, নির্দিষ্ট কিছু আসনের জন্য এখন থেকে আর অতিরিক্ত কোনো চার্জ নেওয়া যাবে না। বর্তমানে মাত্র ২০ শতাংশ আসনে এই সুবিধা থাকলেও নতুন নিয়মে তা কয়েক গুণ বৃদ্ধি পাচ্ছে।

নতুন এই নিয়মে বিমান সংস্থাগুলোকে আসন বণ্টনে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বুকিংয়ের সময় কোন আসনগুলো বিনামূল্যে এবং কোনগুলোর জন্য টাকা দিতে হবে, তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এছাড়া একই পিএনআর নম্বরে বুকিং করা পরিবার বা সঙ্গীদের একসাথে বসানোর বিষয়েও গুরুত্ব দিতে বলা হয়েছে। পাশাপাশি খেলাধুলার সরঞ্জাম বা বাদ্যযন্ত্র বহনের মতো অতিরিক্ত পরিষেবার খরচও ওয়েবসাইট ও বুকিং প্ল্যাটফর্মে পরিষ্কারভাবে প্রদর্শন করতে হবে যাতে যাত্রীদের মধ্যে কোনো বিভ্রান্তি না থাকে।

তবে সরকারের এই সিদ্ধান্তে খুব একটা খুশি নয় ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া ও স্পাইসজেটের মতো বড় বিমান সংস্থাগুলো। ফেডারেশন অফ ইন্ডিয়ান এয়ারলাইন্স ইতিমধেই এই নিয়ম পুনর্বিবেচনার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছে। সংস্থাগুলোর দাবি, বিপুল সংখ্যক আসন বিনামূল্যে দিলে ক্ষতি সামাল দিতে ভবিষ্যতে টিকিটের দাম বাড়তে পারে। ফলে সাধারণ যাত্রীদের জন্য এটি আপাতত স্বস্তির খবর হলেও দীর্ঘমেয়াদে বিমান ভাড়ার ওপর এর কী প্রভাব পড়ে, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *