বিজেপির প্রার্থী হতে চেয়ে আবেদন দিলীপ-পত্নী রিঙ্কুর: নজরে তিন কেন্দ্র

২০২৬-এর বিধানসভা নির্বাচনকে ঘিরে বাংলায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। প্রার্থী বাছাই প্রক্রিয়ার মধ্যেই বিজেপির অন্দরে শোরগোল ফেলে দিয়েছেন দিলীপ ঘোষের পত্নী রিঙ্কু মজুমদার। গত ৩১ জানুয়ারি সল্টলেকের দলীয় দপ্তরে সরাসরি নিজের জীবনপঞ্জি জমা দিয়ে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আবেদন জানিয়েছেন তিনি।
রিঙ্কু মজুমদার তাঁর আবেদনে মূলত তিনটি পছন্দের আসনের কথা উল্লেখ করেছেন। তাঁর প্রথম পছন্দ মেদিনীপুর শহর, এরপর রয়েছে বীজপুর এবং নিউটাউন কেন্দ্র। জীবনপঞ্জিতে নিজেকে দলের তৃণমূল স্তরের সক্রিয় কর্মী হিসেবে দাবি করে নিজের সাংগঠনিক ও সামাজিক কাজের খতিয়ান তুলে ধরেছেন দিলীপ-জায়া।
রাজনৈতিক মহলে বর্তমানে দিলীপ ঘোষের কোণঠাসা অবস্থা নিয়ে নানা গুঞ্জন রয়েছে। এই পরিস্থিতিতে তাঁর স্ত্রীর প্রার্থী হওয়ার ইচ্ছাপ্রকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব রিঙ্কুর এই আবেদনে শেষ পর্যন্ত সাড়া দেয় কি না, এখন সেটাই দেখার।