বিজয় মালিয়া: আইনি জটিলতায় আটকে দেশে ফেরা, নির্দেশ বম্বে হাইকোর্টের

পলাতক শিল্পপতি বিজয় মালিয়া বম্বে হাইকোর্টে জানিয়েছেন যে, ব্রিটিশ আদালতের নিষেধাজ্ঞার কারণে তিনি বর্তমানে ইংল্যান্ড ও ওয়েলস ছাড়তে পারছেন না। ২০১৬ সালে ভারত সরকার তাঁর পাসপোর্ট বাতিল করায় কোনো বৈধ ভ্রমণ নথিও তাঁর কাছে নেই। ফলে আদালতের নির্দেশ সত্ত্বেও ভারতে ফেরা তাঁর পক্ষে এখনই সম্ভব নয় বলে তিনি দাবি করেছেন।
পলাতক অর্থনৈতিক অপরাধী আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করে মালিয়ার করা আবেদনের শুনানিতে বিচারপতিরা জানান, মামলাটি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য মালিয়াকে সশরীরে দেশে ফিরতে হবে। তবে মালিয়া কেবল লিখিত বিবৃতি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে আদালত। আগামী ১১ মার্চের মধ্যে তাঁকে হলফনামা জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, মালিয়া ফিরতে চাইলে সরকার প্রয়োজনীয় ভ্রমণ নথি দিয়ে সহযোগিতা করতে প্রস্তুত। হাজার হাজার কোটি টাকার ঋণখেলাপির দায়ে অভিযুক্ত মালিয়াকে ২০১৯ সালে ‘পলাতক অর্থনৈতিক অপরাধী’ ঘোষণা করা হয়েছিল। বর্তমানে আইনি লড়াই চালিয়ে গেলেও তাঁর দেশে ফেরার বিষয়টি অনিশ্চিত রয়ে গেছে।