বিজয়কৃষ্ণ থেকে রাজেশ আলি: ভোটার তালিকায় নজিরবিহীন বিভ্রাট পাঁশকুড়ায়

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের মাংলোই গ্রামের বাসিন্দা বিজয়কৃষ্ণ বেরার নাম ভোটার তালিকায় শেখ রাজেশ আলি হয়ে যাওয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। আধার কার্ড ও অন্যান্য নথিতে নাম সঠিক থাকলেও, ভোটার তালিকায় এই গুরুতর ভুলের কারণে গত দুইবার ভোটদান থেকে বঞ্চিত হয়েছেন তিনি। এমনকি রেশনসহ একাধিক সরকারি পরিষেবা পেতেও তাঁকে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
ভুক্তভোগী বিজয়কৃষ্ণের অভিযোগ, ২০০২ সাল পর্যন্ত তাঁর সমস্ত তথ্য সঠিক থাকলেও ২০২৪ সালের তালিকায় এই বিভ্রান্তি তৈরি হয়েছে। অনলাইন সংশোধন প্রচেষ্টায় ব্যর্থ হয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করেছেন। নিজের পরিচয় পুনরুদ্ধারের দাবিতে সম্প্রতি তিনি পাঁশকুড়া ব্লকে হাজির হয়ে বিডিও-র কাছে প্রয়োজনীয় নথিসহ ৮ নম্বর ফর্ম জমা দিয়েছেন।
এই নজিরবিহীন ত্রুটি প্রসঙ্গে স্থানীয় বিডিও জানিয়েছেন, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে এবং দ্রুত সংশোধনের আশ্বাস দেওয়া হয়েছে। কোনো যান্ত্রিক বা মানবিক ভুলের কারণে নামের এই পরিবর্তন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে বিজয়কৃষ্ণ বেরার সঠিক নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন।