বালুরঘাট পুরসভায় তিন নতুন এমসিআইসি-র শপথ গ্রহণ, গতি আসবে প্রশাসনিক কাজে

বালুরঘাট পুরসভার প্রশাসনিক জটিলতা কাটিয়ে বুধবার তিন নতুন এমসিআইসি (কাউন্সিলর পরিষদীয় সদস্য) আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করলেন। পুরসভার সুবর্ণতট সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে মহেশ পারখ, বিপুল কান্তি ঘোষ এবং অনজ সরকারকে শপথ বাক্য পাঠ করান পুর চেয়ারম্যান সুরজিৎ সাহা। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মুনমুন কর এবং টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ চাকি সহ অন্যান্য কাউন্সিলররা।
উল্লেখ্য, এই তিন সদস্যই প্রাক্তন চেয়ারম্যান অশোক কুমার মিত্রের বোর্ডে একই দায়িত্বে ছিলেন। প্রায় দেড় মাস আগে অশোক মিত্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের জেরে বোর্ড পুনর্গঠিত হয়। সুরজিৎ সাহা নতুন চেয়ারম্যানের দায়িত্ব নিলেও এতদিন এমসিআইসি নিয়োগ না হওয়ায় পুরসভার প্রশাসনিক কাজে বেশ কিছু অসুবিধা হচ্ছিল বলে দাবি করেন তিনি।
এদিনের শপথ অনুষ্ঠানে প্রাক্তন চেয়ারম্যান ও তাঁর অনুগামী চার কাউন্সিলর অনুপস্থিত থাকলেও, দলীয় নেতৃত্ব গোষ্ঠীদ্বন্দ্বের তত্ত্ব উড়িয়ে দিয়েছেন। সুভাষ চাকি জানান, দলীয় নির্দেশেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নতুন পরিষদ গঠিত হওয়ায় এখন পুরসভার থমকে থাকা উন্নয়নমূলক কাজগুলি দ্রুত সম্পন্ন হবে এবং প্রশাসনিক কাজে গতি ফিরবে বলে আশা প্রকাশ করেছে বর্তমান বোর্ড।