বাদুড়িয়া হত্যাকাণ্ড: দেহ লোপাটে সহায়তাকারী আরও এক অভিযুক্ত গ্রেফতার

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় নাসির আলী হত্যাকাণ্ডে প্রদীপ মণ্ডল নামে তৃতীয় এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। তদন্তকারীদের দাবি, মূল অভিযুক্ত বিএলও রিজওয়ান হাসান মণ্ডল ওরফে মন্টুকে খুনের পর দেহ খণ্ডবিখণ্ড করা এবং তা খালে ফেলে প্রমাণ লোপাটে সরাসরি সহায়তা করেছিলেন প্রদীপ। ধৃত ব্যক্তি বাকি দুই অভিযুক্ত রিজওয়ান ও সাগরের সঙ্গে অনলাইন জুয়া সহ বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত ছিলেন।
তদন্ত সূত্রে খবর, গত ৯ ফেব্রুয়ারি প্রেমের পথে কাঁটা সরাতে বিএলও রিজওয়ান তাঁর প্রেমিকার স্বামী নাসিরকে ডেকে পাঠিয়ে ভাড়াটে খুনির সাহায্যে হত্যা করেন। এরপর নৃশংসভাবে দেহ টুকরো করে প্লাস্টিকের প্যাকেটে ভরে স্থানীয় জলাশয়ে ফেলে দেওয়া হয়। ১৩ ফেব্রুয়ারি দেহাংশ উদ্ধারের পর পুলিশ মূল পাণ্ডাদের পাকড়াও করে।
ধৃত প্রদীপকে ১১ দিনের পুলিশি হেফাজত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। পরকীয়া সম্পর্কের জেরেই এই সুপরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশ ঘটনার পুনর্নির্মাণের প্রস্তুতি নিচ্ছে।