বাদুড়িয়ায় বিএলও-র হাতে স্বামী খুনের ঘটনায় নয়া মোড়: স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় বিএলও-র হাতে তৃণমূল কর্মী নাসির আলি খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড় এসেছে। স্বামীর নৃশংস হত্যাকাণ্ডের পর লোকলজ্জা ও মানসিক অবসাদে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন নিহতের স্ত্রী বিউটি খাতুন। মঙ্গলবার সন্ধ্যায় শ্বশুরবাড়িতেই তিনি বিষপান করেন। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করেন, যেখানে বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।
পুলিশি তদন্তে জানা গেছে, ধৃত বিএলও রিজওয়ান মণ্ডলের সাথে বিউটির বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। এই পরকীয়া নিয়ে দীর্ঘ দিন ধরে নাসিরের সাথে রিজওয়ানের বিবাদ চলছিল। এসআইআর সংক্রান্ত নথি দেখানোর অছিলায় নাসিরকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠেছে বিএলও ও তার সহযোগীদের বিরুদ্ধে। স্বামীর মৃত্যু এবং নিজের পরকীয়া প্রকাশ্যে আসায় বিউটি চরম পথ বেছে নেন বলে অনুমান।
উল্লেখ্য, পাঁচ দিন নিখোঁজ থাকার পর গত শনিবার স্থানীয় খাল থেকে নাসিরের দেহাংশ উদ্ধার হয়। পুলিশ এই খুনের ঘটনায় বিএলও রিজওয়ান হাসান মণ্ডল, সাগর গাইন এবং প্রদীপ মণ্ডল নামে তিনজনকে গ্রেপ্তার করেছে। খুনের পর তথ্যপ্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহটি খণ্ড খণ্ড করে প্যাকেটে ভরে বিভিন্ন জলাশয়ে ফেলে দেওয়া হয়েছিল। পুরো বিষয়টি নিয়ে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।