বাংলার বিধানসভা ভোটে একাই লড়ছে কংগ্রেস, ২৮৪ আসনে হেভিওয়েট প্রার্থীদের নাম ঘোষণা – বর্তমান নিউজ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের রণকৌশল বদলে দুই দশক পর একাই লড়ার সিদ্ধান্ত নিল কংগ্রেস। রবিবার বিকেলে রাজ্যের ২৮৪টি আসনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে এআইসিসি। বামেদের সঙ্গে জোটের জল্পনা উড়িয়ে দিয়ে গত ফেব্রুয়ারি মাসে রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়্গের উপস্থিতিতেই এককভাবে নির্বাচনের ময়দানে নামার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ঘোষিত তালিকায় প্রত্যাশা মতোই একঝাঁক হেভিওয়েট মুখকে প্রাধান্য দেওয়া হয়েছে। বহরমপুর কেন্দ্র থেকে লড়ছেন অধীর রঞ্জন চৌধুরী এবং মালতিপুরে প্রার্থী হয়েছেন মৌসম নূর। এছাড়াও বালিগঞ্জে রোহন মিত্র, রাসবিহারীতে আশুতোষ চ্যাটার্জি এবং ভবানীপুর হাইভোল্টেজ কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রদীপ প্রসাদকে মনোনীত করেছে দল। উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে লড়ছেন আলি ইমরান রামজ।
লোকসভা নির্বাচনের পর শুভঙ্কর সরকার প্রদেশ সভাপতি হওয়ার পর থেকেই সংগঠনকে শক্তিশালী করতে একলা চলার ইঙ্গিত দিয়েছিলেন। আটটি আসন বাদে বাকি সব আসনে প্রার্থীর নাম চূড়ান্ত করে এদিন লড়াইয়ের কড়া বার্তা দিয়েছে বিধান ভবন। দলের একাংশের মতে, কর্মী-সমর্থকদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়েই এই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে আসন্ন নির্বাচনে রাজ্যের রাজনৈতিক সমীকরণ এক নতুন মোড় নিল।