বাংলাদেশ সীমান্তে ‘জামাত’ সক্রিয়তা: তৃণমূলকে নিশানা করে পরিবর্তনের ডাক শুভেন্দুর

বাংলাদেশ সীমান্তে ‘জামাত’ সক্রিয়তা: তৃণমূলকে নিশানা করে পরিবর্তনের ডাক শুভেন্দুর

বাংলাদেশে নির্বাচন পরবর্তী পরিস্থিতির রেশ টেনে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, দুই পারের ‘জামাত’ একজোট হয়ে কাজ করছে, যার প্রভাব পড়ছে সীমান্ত রাজনীতিতে। বিধায়ক হুমায়ুন কবীর ও তৃণমূলকে আক্রমণ করে তিনি জানান, নির্দিষ্ট রাজনৈতিক পক্ষকে সুবিধা দিতে ওপারের শক্তি সক্রিয় হয়েছে। শুভেন্দুর মতে, পেট্রোপোল সীমান্ত সংলগ্ন এলাকায় জামাত-ঘনিষ্ঠদের জয় হিন্দু বাঙালিদের জন্য উদ্বেগের বিষয়।

প্রশাসনিক স্তরেও ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন শুভেন্দু। তাঁর দাবি, মুখ্যসচিবের নজরদারি এড়িয়ে নির্বাচন কমিশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ ফাইল সরাসরি মুখ্যমন্ত্রীর টেবিলে পাঠানো হচ্ছে, যা দেশের অন্য কোথাও ঘটে না। মনোজ পন্থ ও নন্দিনী চক্রবর্তীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তিনি অভিযোগ করেন, প্রশাসনিক চাপে ভুয়ো নথি ব্যবহার করে ভোটার তালিকায় কারচুপি করা হচ্ছে।

আসন্ন এপ্রিলের নির্বাচনে রাজ্যে বড়সড় পরিবর্তনের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। জেলা প্রশাসন ও তৃণমূলের যোগসাজশে নির্বাচন প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপ করা হচ্ছে বলে তিনি তোপ দাগেন। যদিও এই অভিযোগের প্রেক্ষিতে শাসকদলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভোটের আগে শুভেন্দু অধিকারীর এমন বক্তব্যে রাজ্যের রাজনৈতিক উত্তাপ নতুন করে বৃদ্ধি পেয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *