বাংলাদেশের কুর্সিতে এবার তারেক রহমান খুশির হাওয়া ওপার বাংলাতেও

নিউজ ডেস্ক : বাংলাদেশের ক্ষমতার পটপরিবর্তনে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও দুই বাংলার পারস্পরিক সম্পর্কে বড়সড় প্রভাব পড়তে চলেছে। দীর্ঘ দুই দশক পর বিএনপির এই বিপুল জয়ে কেবল ওপার বাংলায় নয়, এপার বাংলাতেও নতুন সমীকরণের আশা দেখছেন সাধারণ মানুষ। বিশেষ করে সীমান্ত বাণিজ্য এবং যাতায়াতের ক্ষেত্রে সুসম্পর্ক বজায় থাকলে দুই দেশের সাধারণ নাগরিকরাই লাভবান হবেন। এই জয়ের রেশ ধরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় ‘তারেকভাই’ ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বার্তা দিয়েছেন।
নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে ২১২টি আসন পেয়ে সরকার গঠন নিশ্চিত করেছে। জামাত ও স্বতন্ত্র প্রার্থীদের জয়সহ এই নতুন রাজনৈতিক বিন্যাস দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড়। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন, এই পরিবর্তনের ফলে শিক্ষা, চিকিৎসা ও পর্যটন খাতে দুই দেশের বন্ধন কতটা মজবুত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনেতারাও অভিনন্দন জানিয়েছেন, যা আন্তর্জাতিক স্তরে বাংলাদেশের এই নতুন যাত্রাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।