বসিরহাটে যুবক খুনের ঘটনায় ধৃত আরও ১, দেহ লোপাটে সহায়তার অভিযোগ

বসিরহাটের বাদুড়িয়ায় তৃণমূল কর্মী নাসির আলি খুনের ঘটনায় এবার প্রদীপ মণ্ডল নামে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে মোট তিনজনকে গ্রেপ্তার করা হলো। মঙ্গলবার ধৃতকে বসিরহাট আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।
তদন্তকারীদের দাবি, গত ১৩ ফেব্রুয়ারি বিএলও রিজওয়ান হাসান মণ্ডল ও তাঁর সঙ্গী সাগর গাইনকে গ্রেপ্তারের পর প্রদীপের নাম সামনে আসে। অভিযোগ, এসআইআর সংক্রান্ত নথি দেখানোর অছিলায় নাসিরকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়। এরপর তথ্যপ্রমাণ লোপাটের উদ্দেশ্যে মৃতদেহ খণ্ড খণ্ড করে প্লাস্টিকে ভরে বিভিন্ন জলাশয় ও খালে ফেলে দেওয়া হয়েছিল।
প্রাথমিক তদন্তে অনুমান, ব্যক্তিগত সম্পর্কের জেরে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। পুলিশ আগেই যমুনা নদী থেকে নিহতের মোটরসাইকেল উদ্ধার করেছিল। মূল অভিযুক্ত বিএলও রিজওয়ানের সঙ্গে প্রদীপ সরাসরি দেহ লোপাটের কাজে যুক্ত ছিলেন বলে জানা গেছে। ঘটনার তদন্তে নেমেছে বিশেষ পুলিশি দল।