বসিরহাটে ভোটার তালিকা থেকে ৩৪০ জনের নাম বাদ: বিক্ষোভে উত্তাল এলাকা, তালিকায় খোদ বিএলও – বর্তমান নিউজ

বসিরহাটে ভোটার তালিকা থেকে ৩৪০ জনের নাম বাদ: বিক্ষোভে উত্তাল এলাকা, তালিকায় খোদ বিএলও – বর্তমান নিউজ

বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের ৫ নম্বর বুথে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ হতেই তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, বড় গোবরা গ্রামের ওই বুথের ৩৪০ জন মুসলিম সম্প্রদায়ের ভোটারের নাম পরিকল্পিতভাবে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। গত সোমবার নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকায় এই গণহারে নাম বাতিলের বিষয়টি প্রকাশ্যে আসে। পরিস্থিতি আরও জটিল হয় যখন দেখা যায়, বাদ পড়া ব্যক্তিদের তালিকায় ওই বুথের বিএলও মহম্মদ শফিউল আলমের নামও রয়েছে।

ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বিএলও-র বাড়ি ও সংলগ্ন রাস্তায় জমায়েত হয়ে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, প্রয়োজনীয় ৩-৪টি বৈধ নথি জমা দেওয়া সত্ত্বেও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের নাম মুছে ফেলা হয়েছে। এর আগে খসড়া তালিকায় নামগুলি ‘বিচারাধীন’ হিসেবে থাকলেও চূড়ান্ত তালিকায় সেগুলি ‘বাতিল’ শ্রেণিতে রাখা হয়। বিএলও জানিয়েছেন, তিনি নিজে দাঁড়িয়ে থেকে সমস্ত নথিপত্র আপলোড নিশ্চিত করেছিলেন, তবুও এমন ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী ভোটার ও স্থানীয় আধিকারিকরা কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বিডিও-র কাছে প্রতিকার না পেয়ে এবং ইআরও-র সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে এলাকায় হতাশা বাড়ছে। কাজিরুল মণ্ডলসহ আন্দোলনকারীদের অভিযোগ, নির্দিষ্ট রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই এই পদক্ষেপ। এই অন্যায়ের বিরুদ্ধে এবং ভোটাধিকার ফিরে পেতে বিএলও মহম্মদ শফিউল আলম ট্রাইব্যুনালের দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *