বল বিকৃতি কাণ্ডে শাস্তির কোপ, পিএসএলে দুই ম্যাচের জন্য নির্বাসিত ফখর জামান – বর্তমান নিউজ

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বল বিকৃতির অভিযোগে বড়সড় শাস্তির মুখে পড়লেন পাক ব্যাটার ফখর জামান। লাহোর কালান্দার্স বনাম করাচি কিংস ম্যাচে বলের আকৃতি পরিবর্তনের দায়ে তাকে পরবর্তী দুটি ম্যাচের জন্য নিলম্বিত বা সাসপেন্ড করেছেন ম্যাচ রেফারি রোশন মহানামা। নিজেকে নির্দোষ দাবি করলেও শেষরক্ষা হয়নি এই অভিজ্ঞ ক্রিকেটারের।
ম্যাচের শেষ ওভারে লাহোর অধিনায়ক শাহিন আফ্রিদি ও হারিস রউফের সঙ্গে আলোচনার সময় ফখরের হাতে থাকা বল নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়ার ফয়জল আফ্রিদি। দুই আম্পায়ার পরীক্ষা করে দেখেন যে বলটি বিকৃত করা হয়েছে। তাৎক্ষণিকভাবে বল পরিবর্তন করে করাচি কিংসকে ৫ রান পেনাল্টি দেওয়া হয় এবং ম্যাচ রেফারির কাছে লিখিত রিপোর্ট জমা দেওয়া হয়।
ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ফখর জামানকে আচরণবিধির ২.১৪ ধারায় ‘লেভেল থ্রি’ অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। মঙ্গলবার দ্বিতীয় দফার শুনানির পর এই চূড়ান্ত শাস্তির ঘোষণা দেন রেফারি মহানামা। এই নিষেধাজ্ঞার ফলে লাহোর কালান্দার্সের হয়ে পরবর্তী গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে মাঠে নামতে পারবেন না ফখর।