বঙ্গের আবহাওয়া: শীতের বিদায়বেলায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী, বৃষ্টির সম্ভাবনা নেই

পশ্চিমবঙ্গে অব্যাহত আবহাওয়ার খামখেয়ালিপনা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রাজ্যে শীতের বিদায় পর্ব শুরু হয়ে গিয়েছে। আগামী বুধ ও বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ভোরের দিকে হালকা কুয়াশা ও শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের তীব্রতা বাড়বে। তবে আপাতত রাজ্যের কোথাও বৃষ্টির কোনো পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। আকাশ মূলত পরিষ্কার থাকবে। সকালে ও রাতে মনোরম আবহাওয়া থাকলেও দিনের বেলা গরম অনুভূত হবে। শীত ও গরমের এই লুকোচুরি আরও কয়েকদিন বজায় থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
কলকাতার আকাশও মূলত পরিষ্কার থাকবে। আজ মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলা গড়াতেই রোদের তেজ বাড়বে। আপাতত দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গ—কোথাও আবহাওয়া পরিবর্তনের বিশেষ কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর।