বক্স অফিসে ‘ধুরন্ধর ২’-এর রেকর্ড ব্রেক ঝড়: মাত্র ৬ দিনে বলিউডের সেরা পাঁচে রণবীর সিং – বর্তমান নিউজ

রণবীর সিং অভিনীত স্পাই অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে সাফল্যের নতুন ইতিহাস গড়ছে। পরিচালক আদিত্য ধরের এই ছবিটি মুক্তির মাত্র ছয় দিনের মাথায় বলিউডের পঞ্চম সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় স্থান করে নিয়েছে। কোনো বিশেষ ছুটি বা টিকিটে ছাড় ছাড়াই প্রেক্ষাগৃহে দর্শক টানতে সক্ষম হওয়া এই ছবিটিকে ইতিমধেই আনুষ্ঠানিকভাবে ‘সুপারহিট’ ঘোষণা করা হয়েছে।
মুক্তির ষষ্ঠ দিনে সব ভাষা মিলিয়ে ছবিটি প্রায় ৬০ কোটি টাকা নেট আয় করেছে। এর মাধ্যমে ষষ্ঠ দিনের আয়ে ছবিটি ‘গদর ২’-এর (৫৫.৪০ কোটি) রেকর্ড ভেঙে নতুন নজির স্থাপন করেছে। সোমবারও ছবিটির সাফল্যের ধারা অব্যাহত ছিল এবং ৬৬.১ কোটি টাকা আয় করে বক্স অফিসে নিজের আধিপত্য বজায় রেখেছে।
২২৫ কোটি বাজেটের এই ছবিটি ছয় দিনে ভারতে মোট ৫৯২.১০ কোটি টাকা আয় করে ১৬৩.১৫ শতাংশ লাভ নিশ্চিত করেছে। বর্তমানে এটি ২০২৬ সালের সবচেয়ে লাভজনক বলিউড ছবি হিসেবে আত্মপ্রকাশ করেছে। জওয়ান ও ছাওয়ার মতো ব্লকবাস্টার ছবির পরেই এখন অবস্থান করছে রণবীরের এই ধামাকা।