বকেয়া ডিএ মেটানোর নতুন নির্দেশিকা নবান্নের: জানুন টাকা পাওয়ার পদ্ধতি – বর্তমান নিউজ

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) প্রদানের প্রক্রিয়া স্পষ্ট করল নবান্ন। অর্থ দফতরের সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারদের (ডিডিও) জন্য একটি বিশেষ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) জারি করা হয়েছে। এইচআরএমএস (HRMS) পোর্টালের মাধ্যমে দ্রুত ও নির্ভুলভাবে এই বকেয়া মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, কর্মরত কর্মীদের বকেয়া ডিএ সরাসরি নগদে দেওয়া হবে না; এই অর্থ তাঁদের নিজস্ব জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ (GPF) অ্যাকাউন্টে জমা হবে। বিল তৈরির সময় ‘টিআর ফর্ম ৪৭’ স্বয়ংক্রিয়ভাবে তৈরি হবে। ডিডিও-রা পোর্টালের নির্দিষ্ট অপশনে গিয়ে বকেয়া অর্থের বিবরণ যাচাই করে বিল জেনারেট করতে পারবেন।
তবে গ্রুপ-ডি এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রে নিয়ম কিছুটা ভিন্ন। তাঁদের বকেয়া টাকা জিপিএফ-এর বদলে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। এর জন্য আলাদা বেনিফিশিয়ারি লিস্ট তৈরি করবে প্রশাসন। ১৬ মার্চের এই নির্দেশিকাটি ইতিমিধ্যেই রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ দফতর ও ট্রেজারি অফিসগুলোতে পাঠিয়ে দেওয়া হয়েছে।