ফেব্রুয়ারির এই তারিখের মধ্যেই হাতে আসবে কৃষকবন্ধুর টাকা

নিউজ ডেস্ক : রাজ্যের হাজার হাজার চাষি ভাইয়ের জন্য বড় খবর। খরিফ মরসুমের কৃষকবন্ধু প্রকল্পের টাকা আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। যারা আধার বা কেওয়াইসি সমস্যার কারণে টাকা পাচ্ছেন না, এবার কৃষি আধিকারিকরাই আপনাদের দুয়ারে গিয়ে সমস্যার সমাধান করবেন। সরকারি এই তৎপরতায় সাধারণ কৃষকদের আর্থিক দুশ্চিন্তা অনেকটাই কমতে চলেছে।
শুধুমাত্র টাকা দেওয়াই নয়, শস্যবিমা ও কৃষি যন্ত্রপাতির সুবিধাও যাতে প্রান্তিক চাষিরা ঠিকমতো পান, সেদিকেও কড়া নজর রাখছে নবান্ন। ফসলের ফলন বাড়াতে জমিতে সঠিক পুষ্টির ব্যবহার নিয়ে বিশেষ পরামর্শ দেবেন কৃষি বিজ্ঞানীরা। মুখ্যমন্ত্রীর দপ্তরে জমা পড়া অভিযোগগুলোর দ্রুত নিষ্পত্তি করতে আধিকারিকদের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে কোনো রকম প্রশাসনিক জটিলতা ছাড়াই কৃষকরা এখন থেকে আরও সহজে সরকারি প্রকল্পের সুবিধা ভোগ করতে পারবেন।