প্লাস্টিকের পাত্রে খাবার গরম করা কি নিরাপদ? স্বাস্থ্যঝুঁকি এড়াতে জানুন জরুরি তথ্য

ব্যস্ত জীবনযাত্রায় সময় বাঁচাতে মাইক্রোওয়েভ ওভেনে প্লাস্টিকের পাত্রে খাবার গরম করার প্রবণতা বাড়ছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে, উচ্চ তাপমাত্রার সংস্পর্শে প্লাস্টিকের গঠন দুর্বল হয়ে পড়ে। ফলে খালি চোখে দেখা যায় না এমন অসংখ্য ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক কণা সরাসরি খাবারে মিশে শরীরে প্রবেশ করে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক বিষক্রিয়া সৃষ্টি করতে পারে।
তথাকথিত ‘মাইক্রোওয়েভ সেফ’ পাত্রগুলোও সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নয়; এগুলো শুধু সহজে গলে না, তবে উত্তপ্ত হলে নির্দিষ্ট মাত্রায় রাসায়নিক নির্গত করে। দীর্ঘমেয়াদী এই অভ্যাসের ফলে শরীরে হরমোনের ভারসাম্যহীনতা, থাইরয়েডের সমস্যা এবং শিশুদের শারীরিক বিকাশে বাধা সৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। বিশেষ করে তৈলাক্ত বা পুরোনো প্লাস্টিকের পাত্র ব্যবহার করলে এই ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
সুস্থ থাকতে প্লাস্টিকের বিকল্প হিসেবে কাঁচ বা সিরামিকের পাত্র ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। হোটেল থেকে আসা প্লাস্টিকের কন্টেইনার পুনরায় গরম করা বা বারবার ব্যবহার করা থেকে বিরত থাকা জরুরি। জীবনযাত্রায় সামান্য পরিবর্তন এবং কাঁচের পাত্রের ব্যবহার দীর্ঘমেয়াদী শারীরিক জটিলতা এড়াতে একটি সহজ ও নিরাপদ সমাধান হতে পারে।