প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ তুঙ্গে, সল্টলেকে বিজেপি কার্যালয়ের সামনে তুমুল বিক্ষোভ – বর্তমান নিউজ

প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ তুঙ্গে, সল্টলেকে বিজেপি কার্যালয়ের সামনে তুমুল বিক্ষোভ – বর্তমান নিউজ

রাজ্যে বিধানসভা নির্বাচনের মুখে প্রার্থী তালিকা প্রকাশ হতেই গেরুয়া শিবিরের অন্দরে কোন্দল প্রকাশ্যে এল। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শহর ছাড়ার পরেই সল্টলেকের বিজেপি দলীয় কার্যালয়ের সামনে আছড়ে পড়ে কর্মী-সমর্থকদের বিক্ষোভ। চন্দননগর বিধানসভা কেন্দ্রে দীপাঞ্জন গুহকে পুনরায় প্রার্থী করায় ক্ষুব্ধ স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা ‘বহিরাগত’ হঠানোর দাবিতে স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভকারীদের দাবি, গত নির্বাচনে বড় ব্যবধানে পরাজিত প্রার্থীকে পুনরায় টিকিট দেওয়া মেনে নেওয়া হবে না। চন্দননগরের জিটি রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শনের পর শনিবার সেই আঁচ পৌঁছায় কলকাতার সল্টলেক অফিসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হিমশিম খেতে হয়। দলীয় কর্মীদের একাংশের অভিযোগ, স্থানীয় আবেগকে গুরুত্ব না দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুধু চন্দননগর নয়, কোচবিহার থেকে বেলেঘাটা পর্যন্ত রাজ্যের একাধিক কেন্দ্রে প্রার্থী নিয়ে বিদ্রোহের মুখে পড়েছে পদ্মশিবির। এখনও বেশ কিছু আসনে প্রার্থীর নাম ঘোষণা বাকি থাকলেও, বর্তমান কোন্দল সামাল দিতেই হিমশিম খাচ্ছে নেতৃত্ব। এই অভ্যন্তরীণ বিবাদের জেরে নির্বাচনী প্রচার বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বঙ্গ বিজেপির অন্দরে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *