প্রশ্নের মুখে মেজাজ হারালেন সেলিম: সাংবাদিকদের কলার খোসা দেখিয়ে তীব্র বিতর্কে বাম নেতা

প্রশ্নের মুখে মেজাজ হারালেন সেলিম: সাংবাদিকদের কলার খোসা দেখিয়ে তীব্র বিতর্কে বাম নেতা

আগামী বিধানসভা নির্বাচনের আগে অভ্যন্তরীণ কোন্দলে উত্তপ্ত সিপিএম। দলবিরোধী ক্ষোভ উগরে দিয়ে অব্যাহতি চেয়েছেন যুব নেতা প্রতীক উর রহমান। রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বিরুদ্ধে সরব হয়ে তিনি দলের নীতি ও কাজের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন। বিশেষ করে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের সঙ্গে সেলিমের সাম্প্রতিক বৈঠক ঘিরে দলের অন্দরেই অস্বস্তি ও চাপানউতোর চরমে পৌঁছেছে।

এই টানাপড়েনের মধ্যেই আলিয়া বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে নতুন বিতর্কের জন্ম দিলেন মহম্মদ সেলিম। সেখানে একদল পড়ুয়া তাঁর বক্তব্য বয়কট করেন। অনুষ্ঠান শেষে প্রতীক উর রহমান বা রাজনৈতিক বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেন তিনি। একপর্যায়ে গাড়িতে ওঠার সময় সাংবাদিকদের দিকে কলার খোসা উঁচিয়ে ধরেন এই প্রবীণ বাম নেতা।

সেলিমের এই আচরণকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে। যদিও সাফাই হিসেবে তিনি জানিয়েছেন, সময়ের অভাবে মধ্যাহ্নভোজ সারতে না পেরে কেবল কলা খেয়েছিলেন এবং সেই খোসাই দেখিয়েছেন। অন্যদিকে, প্রতীক উর রহমানের দলত্যাগের সম্ভাবনা ও তৃণমূল যোগের জল্পনা আলিমুদ্দিনের অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে। নেতৃত্বের নীরবতা ও আচরণ নিয়ে জনমনে উঠছে নানা প্রশ্ন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *