প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন সেনার হামলা: নিহত ১১ জন সন্দেহভাজন মাদক পাচারকারী

পূর্ব প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবিয়ান অঞ্চলে সোমবার রাতে মাদক পাচারকারী তিনটি নৌকায় বড়সড় অভিযান চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই পৃথক দুটি হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে। মার্কিন সাদার্ন কমান্ডের দাবি, এই নৌকাগুলোর মাধ্যমে সমুদ্রপথে মাদক পাচার করা হচ্ছিল।
সেনা সূত্রে জানা গেছে, তল্লাশির সময় নৌকাগুলোকে থামার জন্য সতর্কবার্তা দেওয়া হলেও তারা তা উপেক্ষা করে পালানোর চেষ্টা করে। এরপরই মার্কিন বাহিনী আক্রমণ শুরু করে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দুটি নৌকায় ৮ জন এবং ক্যারিবিয়ান অঞ্চলে একটি নৌকায় ৩ জন প্রাণ হারায়। সাদার্ন কমান্ড অভিযানের ভিডিও ফুটেজও প্রকাশ করেছে।
বিবৃতি অনুযায়ী, গত সেপ্টেম্বর থেকে এই অঞ্চলে মাদকবিরোধী অভিযানে এ পর্যন্ত ১৩৫ জন নিহত হয়েছে। এর আগে গত শুক্রবারও একই এলাকায় একটি অভিযানে ৩ জন পাচারকারী মারা যায়। বর্তমানে সমুদ্রপথে চোরাচালান রুখতে ওই অঞ্চলে মার্কিন নজরদারি ও সামরিক তৎপরতা আরও জোরদার করা হয়েছে।