প্রতিকুর রহমানের ইস্তফা ঘিরে আলিমুদ্দিনে চাঞ্চল্য, জট কাটাতে আসরে বিমান বসু

প্রতিকুর রহমানের ইস্তফা ঘিরে আলিমুদ্দিনে চাঞ্চল্য, জট কাটাতে আসরে বিমান বসু

সিপিএমের তরুণ তুর্কি প্রতিকুর রহমানের আকস্মিক পদত্যাগপত্র ঘিরে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল শুরু হয়েছে। এসএফআই-এর প্রাক্তন এই সভাপতি তথা ডায়মন্ড হারবারের লোকসভা প্রার্থী দলের প্রাথমিক সদস্যপদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করায় চরম অস্বস্তিতে আলিমুদ্দিন। প্রতিকুরের অভিযোগ, জেলা ও রাজ্য নেতৃত্বের একাংশের কর্মপদ্ধতির সঙ্গে তিনি মানিয়ে নিতে পারছেন না।

প্রান্তিক পরিবার থেকে উঠে আসা এই লড়াকু যুব নেতার মানভঞ্জনে এবার খোদ প্রবীণ নেতা বিমান বসু ময়দানে নেমেছেন। দলের অন্দরে বাড়তে থাকা ‘মধ্যবিত্তায়ন’ বিতর্কের মাঝে প্রতিকুরের মতো জনপ্রিয় নেতাকে হারানো লোকসভা ভোটের আগে বড় ক্ষতি বলে মনে করছে সিপিএম নেতৃত্ব। বিমান বসু ইতিমধ্য়েই তাঁর সঙ্গে কথা বলে রাজ্য দপ্তরে তলব করেছেন।

বুধবার সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, যেখানে এই সংকটের সমাধান মিলতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রতিকুর শেষ পর্যন্ত আলিমুদ্দিনে যাবেন কি না, তা নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রয়েছে। লড়াকু ইমেজ ও সংখ্যালঘু ভোটব্যাঙ্কে প্রভাব থাকা এই নেতাকে ধরে রাখতে সিপিএম শীর্ষ নেতৃত্ব এখন মরিয়া চেষ্টা চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *