প্রচারের ব্যস্ততা ফেলে মুমূর্ষু রোগীর জন্য রক্তদান সিপিএম প্রার্থীর – বর্তমান নিউজ

প্রচারের ব্যস্ততা ফেলে মুমূর্ষু রোগীর জন্য রক্তদান সিপিএম প্রার্থীর – বর্তমান নিউজ

নদীয়ার কল্যাণী বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সবুজ দাস নির্বাচনী প্রচারের মাঝেও এক অনন্য মানবিকতার নজির গড়লেন। শনিবার সন্ধ্যায় এক মুমূর্ষু রোগীর জন্য জরুরি ভিত্তিতে ‘ও-নেগেটিভ’ গ্রুপের রক্তের প্রয়োজন দেখা দেয়। বিরল এই গ্রুপের রক্তের খোঁজে রোগীর পরিবার যখন দিশেহারা, ঠিক তখনই খবরটি পৌঁছায় প্রার্থীর কাছে। নির্বাচনী প্রচার কর্মসূচি স্থগিত রেখে এক মুহূর্ত দেরি না করে তিনি সরাসরি জেএনএম হাসপাতালের ব্লাড ব্যাংকে ছুটে যান।

হাসপাতালে পৌঁছে সবুজ দাস নিজেই এক ইউনিট রক্তদান করে রোগীর প্রাণ বাঁচাতে এগিয়ে আসেন। রক্তদানের পর তিনি পুনরায় নিজের নির্ধারিত প্রচার অভিযানে ফিরে যান। এই প্রসঙ্গে তিনি জানান, রক্তদানের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই; ব্যক্তিগত দায়বদ্ধতা থেকেই তিনি এই কাজ করেছেন। প্রার্থীর এই তাৎক্ষণিক সাড়া ও নিঃস্বার্থ উদ্যোগের ফলে সময়মতো রক্ত পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন রোগীর কৃতজ্ঞ পরিবার।

কল্যাণী বিধানসভা এলাকায় যখন রাজনৈতিক দলগুলোর প্রচার তুঙ্গে, তখন এই ঘটনাটি স্থানীয় মানুষের মধ্যে বিশেষ আলোচনার সৃষ্টি করেছে। একদিকে তৃণমূল প্রার্থী ডাঃ অতীন্দ্রনাথ মণ্ডল স্বাস্থ্য শিবিরের মাধ্যমে জনসংযোগ সারছেন, অন্যদিকে সিপিএম প্রার্থীর এই মানবিক আচরণ ভোটারদের নজর কেড়েছে। বিজেপি এখনও প্রার্থী ঘোষণা না করলেও কল্যাণী শহর ও ব্লকের বিভিন্ন প্রান্তে বাম ও ঘাসফুল শিবিরের প্রচার এখন জোরকদমে চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *