পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে সরাসরি রামলালার অযোধ্যায় ট্রেন
নিউজ ডেস্ক : এবার ঘরের কাছেই মিলবে রামলালার দর্শন। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের সঙ্গে উত্তরপ্রদেশের পবিত্র অযোধ্যা নগরীকে সরাসরি জুড়তে নতুন সাপ্তাহিক ট্রেনের সবুজ সংকেত দিল রেলমন্ত্রক। এর ফলে সাধারণ পর্যটক থেকে শুরু করে তীর্থযাত্রীদের আর হাজারো ঝক্কি পোহাতে হবে না। পুরুলিয়া, রাঁচি ও বারাণসী হয়ে আনন্দ বিহারগামী এই ট্রেনটি চালু হলে যাতায়াতে সময় যেমন বাঁচবে, তেমনই কম খরচে দিল্লি বা উত্তরপ্রদেশ যাওয়ার পথও হবে অনেক সহজ।
নতুন এই ট্রেনটি মূলত বাংলা, ঝাড়খণ্ড ও বিহারের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ করবে। বারাণসী এবং লখনউয়ের মতো বড় শহরগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন হওয়ায় স্থানীয় ব্যবসায়িক সুযোগ বৃদ্ধির পাশাপাশি শিক্ষা ও চিকিৎসার কাজেও সাধারণ মানুষের বড় সুবিধা হবে। এর পাশাপাশি, সাধারণ ও অমৃত ভারত ট্রেনগুলোতে জরুরি কোটা চালুর ফলে সাধারণ যাত্রীরা প্রয়োজনে শেষ মুহূর্তেও সংরক্ষিত আসনের সুবিধা পেতে পারেন।