পাইলটদের মদ্যপান সংক্রান্ত নিয়মে বড় বদল আনল ডিজিসিএ
পাইলটদের মদ্যপান পরীক্ষায় কড়াকড়ি কিছুটা শিথিল করল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)। নতুন নিয়ম অনুযায়ী, ব্রেদ অ্যানালাইজার টেস্টে রিডিং ০.০০১ থেকে ০.০০৯-এর মধ্যে থাকলেও পাইলটকে সরাসরি তিন মাসের জন্য সাসপেন্ড করা হবে না। পরিবর্তে, প্রথমবার এমন ধরা পড়লে সংশ্লিষ্ট পাইলট ২৪ ঘণ্টা পর পুনরায় ডিউটিতে ফিরতে পারবেন।
আগের নিয়মে ০.০০১ রিডিং এলেই পাইলটকে তিন মাসের জন্য বসিয়ে দেওয়া হতো এবং দ্বিতীয়বার অপরাধে লাইসেন্স তিন বছরের জন্য বাতিল হতো। তবে এই নয়া সুবিধা কেবল ‘ফার্স্ট টাইম অফেন্ডার’ বা প্রথমবার নিয়ম ভঙ্গকারীদের জন্যই প্রযোজ্য হবে। আগে অপরাধের রেকর্ড থাকলে কঠোর শাস্তির বিধান অপরিবর্তিত থাকছে।
বিমান সংস্থাগুলো বর্তমানে পাইলট স্বল্পতা ও বিশ্রামের নতুন নিয়ম নিয়ে চাপে রয়েছে। বিশেষজ্ঞ মহলের মতে, পাইলটদের দীর্ঘমেয়াদী সাসপেনশন এড়াতেই এই পদক্ষেপ। তবে মদ্যপানের মাত্রায় এই ছাড় যাত্রী সুরক্ষাকে ঝুঁকির মুখে ফেলবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।