পশ্চিম এশিয়ার সংকটে মোদীর অভয়বাণী: গুজব এড়িয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান – বর্তমান নিউজ

পশ্চিম এশিয়ার সংকটে মোদীর অভয়বাণী: গুজব এড়িয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান – বর্তমান নিউজ

পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে উদ্ভূত বিশ্বজুড়ে অস্থিরতার মধ্যে দেশবাসীকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কী বাত’-এ তিনি স্পষ্ট জানান, চ্যালেঞ্জ কঠিন হলেও ১৪০ কোটি ভারতীয় ঐক্যবদ্ধ থাকলে যেকোনো সংকট মোকাবিলা সম্ভব। প্রতিকূল এই সময়ে সাধারণ মানুষকে শান্ত ও সতর্ক থাকার পাশাপাশি কোনো ধরণের গুজবে কান না দেওয়ার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী জানান, উপসাগরীয় অঞ্চলের যুদ্ধ পরিস্থিতির বহুমুখী প্রভাব দেশের ওপর পড়ছে, বিশেষ করে জ্বালানি তেলের ক্রমবর্ধমান দাম ও প্রবাসী ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এই কঠিন পরিস্থিতিতে প্রবাসী ভারতীয়দের সুরক্ষা নিশ্চিত করতে গালফ দেশগুলোর ভূমিকার প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। আন্তর্জাতিক বাজারে তেলের সংকটের কথা উল্লেখ করে মোদী বলেন, বৈশ্বিক সহযোগিতা এবং ভারতের নিজস্ব সক্ষমতা এই পরিস্থিতি সামাল দিতে আমাদের শক্তি জোগাবে।

ইরান ও ইসরায়েল-আমেরিকার মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধের প্রভাবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হলেও ভারতের জন্য বিশেষ ছাড় বহাল রয়েছে। যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজার অস্থির থাকলেও সম্প্রতি ভারতের দু’টি এলপিজি বোঝাই জাহাজকে ওই সমুদ্রপথ অতিক্রমের অনুমতি দিয়েছে তেহরান। প্রায় ৯০ হাজার টন এলপিজি নিয়ে জাহাজ দুটি ভারতের পথে রওনা হয়েছে, যা এই সংকটের মাঝে দেশের জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *