পদ্মফুলে দিলে ছাপ, ঘরে ঢুকবে কেউটে সাপ: পুরুলিয়ার সভায় বিজেপিকে তীব্র আক্রমণ অভিষেকের – বর্তমান নিউজ

পুরুলিয়ার বাঘমুন্ডির নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে কড়া ভাষায় নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সাধারণ মানুষকে সতর্ক করে বলেন, পদ্মফুলে ভোট দেওয়া মানে ঘরে বিষধর সাপ ডেকে আনা। বিজেপিকে ভোট দিলে সাধারণ মানুষের বিপদ বাড়বে বলে তিনি দাবি করেন। মোদী সরকার নোটবন্দি ও লকডাউনের মাধ্যমে গরিব মানুষকে বারবার লাইনে দাঁড় করিয়ে হেনস্তা করেছে বলেও তিনি অভিযোগ তোলেন।
অভিষেক আরও জানান, রান্নার গ্যাসের দাম আকাশছোঁয়া হতে চলেছে এবং বিজেপি কথা দিয়ে কথা রাখে না। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে বলেন, বিজেপি যদি প্রমাণ করতে পারে যে তারা রাজ্যের পাওনা টাকা সঠিকভাবে দিয়েছে, তবে তৃণমূল অধিকাংশ আসন থেকে প্রার্থী প্রত্যাহার করে নেবে। কেন্দ্রীয় সরকার টাকা আটকে রাখলেও রাজ্য সরকার নিজের উদ্যোগে মানুষের পাশে দাঁড়াবে বলে তিনি আশ্বাস দেন।
তৃণমূলের উন্নয়নমূলক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে অভিষেক জানান, লক্ষ্মীর ভাণ্ডার, পানীয় জল, স্বাস্থ্য ক্যাম্প, বার্ধক্য ভাতা এবং আবাস যোজনার পাকা ছাদ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। কেন্দ্র আবাস যোজনার টাকা না দিলেও রাজ্য সরকার মানুষের মাথার ওপর ছাদ তৈরি করে দেবে। উন্নয়নের ধারা বজায় রাখতে এবং বিজেপির ‘প্রতিহিংসার রাজনীতি’ রুখতে তিনি সাধারণ মানুষকে তৃণমূলের পাশে থাকার আহ্বান জানান।